তথাগত ঘোষ, হাওড়া: কয়েকদিন আগেই হাওড়া স্টেশন চত্বরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে শহরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। যদিও, হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডের হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত হকারদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে। এই ঘটনার কয়েকদিন পরেই এবার নতুনভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে হাওড়ার ঐতিহ্যবাহী মঙ্গলাহাট কে কেন্দ্র করে।
মঙ্গলাহাটের দিন ফুটপাতে কোনও ধরনের দোকান লাগানো যাবে না। সোমবার সকালে মাইকিং করার মাধ্যমে ব্যবসায়ীদের এই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাজ্য সরকারের কঠোর নির্দেশিকায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, মঙ্গলাহাট বা এটির নিকটবর্তী এলাকায় ফুটপাত বা রাস্তা দখল করে আর কোনোভাবেই পোশাক বা অন্যান্য পণ্য বিক্রি করা যাবে না। মূলত সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা ও হাটের দিনগুলিতে যানজটের সমস্যা দূর করতেই ফুটপাতে দোকান দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। এককথায়, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে চাইছে রাজ্য সরকার।
অপরদিকে সরকারের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েছে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের একাংশ। একজন ব্যবসায়ী জানিয়েছেন, মঙ্গলাহাটে ফুটপাতে পণ্য নিয়ে বিক্রি করেন, এই ধরনের বিক্রেতা বা ব্যবসায়ীর সংখ্যাও বিপুল। সরকারে কাছে এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি করেছেন তাঁরা। সরকার এই নির্দেশে অটল থাকলে সেই ক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন ব্যবসায়ীরা।
এই প্রসঙ্গে মঙ্গলাহাটের ব্যবসায়ী শ্রীকৃষ্ণ কুণ্ডু জানিয়েছেন, ‘দোকান নিয়ে বসতে না দেওয়া হলে আত্মহত্যা করা ছাড়া কোনও উপায় থাকবে না। ফুটপাত থেকে হাট তুলে দেওয়া হলে পরিবার নিয়ে কোথায় যাব? ব্যবসায়ীদের সঙ্গে একাধিক কর্মচারী রয়েছেন। এটির সঙ্গে তাদের পরিবারও জড়িত। সবার রুটি রুজি বন্ধ হয়ে যাবে।‘
এই প্রসঙ্গে হাওড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির সেন্ট্রালের প্রেসিডেন্ট মলয় দত্ত জানিয়েছেন, ‘নির্দিষ্ট নিয়ম ও গাইডলাইন বেঁধে দিক সরকার। সেই ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। একটি আলোচনায় বসে তারপর সিদ্ধান্ত গৃহীত হোক। কিন্তু, হঠাৎ করে তড়িঘড়ি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়।‘ আগামীতে যদি দাবি না মানা হয়, সেই ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মনোজ বাবু। সামগ্রিক পরিস্থিতির কারণে বর্তমানে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন মঙ্গলাহাটের ব্যবসায়ীদের একটি বড় অংশ। ভবিষ্যৎ কী? প্রশ্নের উত্তর ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
