তথাগত ঘোষ, হাওড়া: রবিবার সকালে বিজেপির নির্বাচনী প্রচার ঘিরে উত্তর হাওড়ায় উত্তপ্ত পরিস্থিতি। তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে ঘটনাস্থলে থাকা কেন্দ্রীয় বাহিনী। প্রকাশ্যে আসা ছবি অনুসারে, মূলত তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরেই লাঠিচার্জ করা হয়। তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ঘটনাস্থলে থাকা তিনজন তৃণমূল কংগ্রেস কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় স্থানীয় এলাকায়।
কিন্তু, কেন এই তিন তৃণমূল কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে? সূত্রের খবর, পরিস্থিতি উত্তপ্ত হয় জয় শ্রী রাম এবং জয় বাংলা স্লোগানের কারণে। দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি বাঁধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জের পর আরও ক্ষেপে যান তৃণমূল কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে বিজেপির মিছিল এগিয়ে নিয়ে চলে যায় কেন্দ্রীয় বাহিনী। কিন্তু, বেশ কয়েকজন তৃণমূল কর্মী নিজেদের শরীরে আঘাত পান। তাদের অভিযোগ, তৃণমূল করেন বলেই তাদের উপর লাঠি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। পরবর্তীতে কয়েকজন তৃণমূল কর্মী ‘সিআরপিএম হায় হায়’ স্লোগান দিতে থাকেন। বারন করা সত্ত্বেও তাঁরা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কথা শোনেননি। সেই কারণেই এই তিন তৃণমূল কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে।
ধৃতদের যখন গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাঁরা অভিযোগ করেন, ‘সাক্ষী হিসাবে ডেকে নিয়ে যাওয়ার নাম করে তাদের জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।’ একইভাবে ঘটনাস্থলে থাকা আরও একজন তৃণমূল কর্মী অভিযোগ করেন, ‘আমাকেও জোর করে সাক্ষীর নাম করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কেন্দ্রীয় বাহিনী। আমার মা টেনে নেওয়ার কারণে নিয়ে যেতে পারেনি।’
তবে, ঘটনায় কোনও বিজেপি কর্মীকে আটক করা হয়নি। প্রসঙ্গত, রবিবার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল বিজেপির নির্বাচনী প্রচারের মিছিল। উপস্থিত ছিলেন ভোজপুরি সুপারস্টার ও বিজেপি সাংসদ রবি কিষাণ। সেই মিছিলের তৃণমূলের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময়েই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নির্বাচনের ৭২ ঘন্টা আগে, এই ধরনের ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্থানিয়দের একাংশ। আগামী ২৯ এপ্রিল উত্তর হাওড়ায় নির্বাচন হতে চলেছে। তৃণমূলের হয়ে এই বিধানসভা কেন্দ্রে লড়াই করছেন গৌতম চৌধুরী। অপরদিকে বিজেপির প্রার্থী উমেশ রাই।
