নিজস্ব সংবাদদাতা: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উচ্চ মাধ্যমিকের ছাত্র আদৃত পাল ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে রাজ্যের শিক্ষা জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। বরানগরের এই কৃতী ছাত্রের এই সাফল্যে খুশির আবহ পরিবার থেকে শুরু করে গোটা এলাকাজুড়ে।আদৃতের মা ডঃ ফাল্গুনী পাল এবং বাবা জীবন কৃষ্ণ পাল — দুজনেই পেশাগতভাবে চিকিৎসক। তাঁদের একমাত্র সন্তান আদৃত ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার পরিচয় দিয়েছে। বাবা-মায়ের শিক্ষাদীক্ষা ও অনুপ্রেরণাতেই সে আজ রাজ্যের সেরার আসনে পৌঁছেছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
এই অসাধারণ সাফল্যের খবর পেয়ে ব্যারাকপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহকুমা শাসক আদৃত পালের বাড়িতে গিয়ে তার ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আদৃতকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতের জন্য আশীর্বাদ করেন।
পড়াশোনার পাশাপাশি আদৃতের রয়েছে সাহিত্যচর্চার প্রতি বিশেষ আগ্রহ। তার মা জানান, অবসর সময়ে আদৃত নিয়মিত ডায়েরি লেখে এবং লেখক হওয়ার স্বপ্নও দেখে। এছাড়াও রান্না করতেও সে অত্যন্ত ভালোবাসে।ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে আরও বড় কিছু করার ইচ্ছা রয়েছে আদৃতের। তার এই সাফল্যে গর্বিত বরানগরসহ সমগ্র পশ্চিমবঙ্গ।
