শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কলকাতার বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দাবি,প্রায় ৪৫ বছর ধরে সংরক্ষিত মায়ের গয়নার লকারের চাবি পাওয়া যাচ্ছে না। তারা পুলিশের দ্বারস্থ হয়েছে। কলকাতার প্রাচীন জমিদার পরিবারের অভিযোগ, ১৯৮০ সাল থেকে দেবীর গয়না ও অন্যান্য মূল্যবান সম্পদ গচ্ছিত লকারের চাবি পাওয়া যাচ্ছে না। কী পরিস্থিতিতে রয়েছে ধন-সম্পদ, আদৌ তা ঠিকঠাক রয়েছে কি না, এমনই সব প্রশ্ন তুলে লিখিত অভিযোগ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারকের কাছে লিখিত অভিযোগ করেছেন সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি কাউন্সিল। জানা গিয়েছে, জেলা বিচারক পদাধিকার সূত্রে কালীঘাট মন্দির কমিটির চেয়ারম্যান। তাই তাঁর কাছে অভিযোগ করা হয়েছে। জমিদার পরিবারের দাবি, বছরের পর বছর ধরে দেবীর গয়না ও মন্দিরের অন্যান্য সম্পত্তির যথাযথ হিসাব হয়নি।
সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি কাউন্সিলের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরীর দাবি, দেবীর সম্পত্তি ও গয়না সংরক্ষণের জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লকার রয়েছে। কিন্তু সেই লকারের চাবি ১৯৮০ সাল থেকেই পাওয়া যাচ্ছে না। তাঁদের আরও অভিযোগ, মন্দিরের সম্পত্তির হিসাব রাখার দায়িত্বে থাকা কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে যথাযথ হিসাবও হয়নি। মন্দিরের সম্পত্তি নিয়ে ব্যাপক অনিয়ম চলছে বলেও অভিযোগ করেছেন। এর ফলে ভক্তদের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি তাঁদের। দীর্ঘদিন ধরে লকারের চাবির খোঁজ না পাওয়া, মন্দিরের সম্পত্তির ক্ষতি বা তছরুপের অভিযোগে অবিলম্বে এফআইআর-এর নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে জেলা বিচারকের কাছে। জেলা বিচারকের কাছে দেওয়া ওই অভিযোগপত্রে সুপ্রিম কোর্টের নির্দেশকে মনে করিয়ে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, ২০১৪ সাল থেকে কালীঘাট মন্দির কমিটির নির্বাচন বন্ধ রয়েছে। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচিত কমিটির মেয়াদ পাঁচ বছর হওয়ার কথা। কমিটিতে পাঁচজন নির্বাচিত এবং ছয়জন বাইরের সদস্য থাকার কথা। দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারক ওই কমিটির চেয়ারম্যান। সব মিলিয়ে বিষয়টা বেশ জটিল হয়ে উঠেছে।
