প্রকাশিত হয়েছে এসআইআরের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। সোমবার প্রথম তালিকা প্রকাশের পর, গতকাল, শুক্রবার রাত সাড়ে ১১টায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে আবার বিতর্ক। তৃণমূলের ৯ জন প্রার্থীর নাম এখনও বিচারাধীন। এই নিয়ে তৃণমূল একদিকে আদালতে অন্যদিকে অন্ডালের সভা থেকে তীব্র সুরে মমতা আক্রমন করলেন বিজেপিকে।
রানিগঞ্জের সভা থেকে তীব্র কটাক্ষবাণ শানিয়ে বলেন, লক্ষ্মীর ভান্ডার সবাই পায়, বিজেপি রাজ্যে ১০ শতাংশও পায় না। আয়ুস্মানের অর্ধেক টাকা রাজ্যকে দিতে হবে। আমরা সকলের জন্য স্বাস্থ্যসাথী করেছি। এরপরই ভোটের মুখে আধিকারিক বদল নিয়েও ফের একবার সুর চড়াতে দেখা মমতাকে। বলেন, “নির্বাচন কমিশন প্রায় ১০০ প্রশাসনিক আধিকারিককে সরিয়ে দিয়েছে। যারা এলাকা ভালভাবে চিনতো তাঁদের অনেককেই সরিয়ে দিয়েছে।”
অন্ডালের সভা থেকে ফের একবার বাংলার বঞ্চনা নিয়ে সুর চড়ান মমতা। বলেন, পাঁচ বছর ধরে ১০০ দিনের টাকা বন্ধ, বাংলার বাড়ির টাকা বন্ধ। কিন্তু উন্নয়নের কাজ থেমে নেই। সুর চড়ান এসআইআর নিয়েও। তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দিয়েছে। SIR বিজেপির মৃত্যুবান, এর জন্যই ক্ষমতা হারাবে বিজেপি। বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়িয়ে তাঁর লক্ষ্য যে লোকসভা তাও বুঝিয়ে দেন। বলেন, তোমরা বাংলাকে টার্গেট করেছো, আমি দিল্লি টার্গেট করেছি। SIR এ বাদ যাওয়া ভোটারদের NRC করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে।
