সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা : এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বারুইপুর এলাকায়। মৃত ব্যাক্তির নাম স্বপন মন্ডল। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বারুইপুরের চম্পাহাটি হালদার পাড়াতে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ । তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
{link}
স্বপন বাবুর বাথরুমের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় হাত পা মুড়ে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয়। এই নিয়েই সন্দেহ দানা বাঁধে মৃতের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে। স্বপন বাবুর পরিবারের অভিযোগ, স্বপন বাবুর স্ত্রী ময়না মন্ডল ওরফে মধুমিতা মন্ডল ও এক ব্যক্তি মিলে এই কাজ করতে পারে। যার সাথে বেশ কিছুদিন ধরে বিবাহ বহির্ভুত সম্পর্ক গড়ে উঠেছে । স্বপন বাবুর বোন জানান, বাপের বাড়ি যাওয়ার নাম করে দীঘায় ঘুরতে গিয়েছিলেন ময়না। এই নিয়েই মঙ্গলবার ঝগড়া অশান্তি বাঁধে স্বপন ও ময়নার মধ্যে।মঙ্গলবার বিকালে ময়না ও তার ভাই এসে স্বপনকে মারধরও করেন। তার পরেই বুধবার সকালে বাথরুমের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বপন বাবুর দেহ উদ্ধার হয়। তার বোন এবং ভাইয়ের অভিযোগ তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
{link}
ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাথরুমের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ পড়ে থাকা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে পুলিশের মধ্যেও । ঘটনার পর থেকে নিখোঁজ মৃতের স্ত্রী। তবে এটা খুন নাকি নিছক আত্মহত্যা, তা এখনও জানা যায়নি।ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি জানা যাবে। যদিও মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তের স্ত্রীর খোঁজ শুরু করেছে।
