নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং- বন্ধ এক হোটেলের প্রাচীরের ভেতর থেকে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার নকশালবাড়িতে। মঙ্গলবার রাতে নকশালবাড়ির রথখোলায় বস্তাবন্দী নাবালিকার দেহ উদ্ধার হয়। ধর্ষণ ও খুন করে দেহ ফেলে রাখার অভিযোগ স্থানীয়দের। কয়েক বছর ধরে বন্ধ নকশালবাড়ির রথখোলার সংলগ্ন এক হোটেলের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি পুলিশ। ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
{link}
ঘটনায় জগদীশ ব্যাপারি নামে এক ব্যাক্তি অভিযুক্ত বলে স্থানীয়রা জানান। ঘটনাটি জানাজানি হওয়ার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ও চায়ের দোকানে ভাঙচুর চালায়। পরিস্থিতি উত্তেজক হলে নকশালবাড়ি পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার, গ্রামীন ডিএসপি, সার্কেল ইন্সপেক্টর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হবে, তারপরেই নিশ্চিতভাবে কি ঘটেছে তা জানা সম্ভব হবে। ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
