নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ দলের বিরুদ্ধে যারা নির্দল প্রার্থী হয়েছেন, নির্বাচনে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে লড়াইয়ে নামার সাহস দেখিয়েছেন সেহেন ব্যাক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। এহেন ২৩ জনকে আসন নদীয়া পুরসভা নির্বাচনের পূর্বে দল থেকে বহিষ্কৃত করল নদীয়া জেলা তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এর উপস্থিতিতে বহিস্কৃত নেতাদের তালিকা প্রকাশ করে তৃণমূল।
পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করার পরে একাধিক পৌরসভায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাদের একটাই দাবি প্রার্থী পছন্দ হয়নি। অনেকে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নির্দল প্রার্থী হয়েছেন। দিন কয়েক আগে পার্থ চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন যারা দলে থেকে নির্দল প্রার্থী হয়েছেন তাদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হলো। তারা যদি মনোনয়নপত্র তুলে না নেন তাদেরকে দল থেকে বহিষ্কৃত করা হবে। এদিন নদীয়ার রানাঘাটের একটি দলীয় বৈঠকে তার বক্তব্য সীলমোহর দেওয়া হল। যারা দলে থেকে নির্দল প্রার্থী হয়েছেন সেইরকম গোটা নদীয়া জেলা জুড়ে মোট ২৩ জনকে বহিস্কৃত করা হলো। এদিনের দলীয় বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ মহুয়া মৈত্র সহ নদীয়া জেলার নেতৃত্ব। বিহিস্কৃত করার বিষয়ে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, যারা দল থেকে দল বিরোধী কার্যকলাপ করছিল তাদেরকে বহিস্কৃত করার সুপারিশ এসেছিল জেলা থেকে। রাজ্য নেতৃত্ব মনে করেছে যারা নিজের স্বার্থ নিয়ে রাজনীতি করে তাদের দলে রেখে কোন লাভ নেই। সেই কারণে তাদেরকে বহিস্কৃত করার অনুমতি দেওয়া হয়েছে। এর পূর্বে যে কটি পুরসভা নির্বাচন হয়েছে তার সবকটিতেই বিপুল অঙ্কে জয়লাভ করেছে তৃণমূল। নদীয়াতেও এর পুনরাবৃত্তি হয় কি না, তাই দেখার বিষয়।
