নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ গতকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে শুভেন্দুর তিরঙ্গা যাত্রায় বাধা দেয় পুলিশ। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। আর এরপর গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানিয়েছেন শুভেন্দু। তিনি প্রকাশ্যে পুলিশের সামনেও এই নালিশ জানাবেন বলে জানিয়েছিলেন। তবে শুধু নালিশ নয়, এবার সরাসরি এই ঘটনায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
{link}
শনিবার কাঁথির একটি কর্মসূচি থেকে তিনি স্পষ্ট জানান, "১৬ তারিখ আদালতে যাবো, এটা পাকিস্তান কিংবা ইসলামাবাদ নয়।" তিনি যে তিরঙ্গা যাত্রায় বাঁধা পেয়ে রীতিমতো রুষ্ট হয়েছেন, তা স্পষ্ট। শনিবার সকালে কাঁথিতে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথির মেচেদা বাইপাস সংলগ্ন প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রে আজাদী কা অমৃত মহোৎসব ও হর ঘর তিরঙ্গা কর্মসূচির উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। যেখানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পন্ডিত, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা সহ অন্যান্যরা। সেইখানেই তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বিজেপি নেতৃবৃন্দ প্রায়সই বা বলা চলে প্রতিনিয়ত রাজ্য পুলিশের বিরুদ্ধে রাজ্য সরকারের হয়ে কাজ করার অভিযোগ করেছেন। তবে দেশের পতাকা অভিযানের ক্ষেত্রে কেন এই বাঁধাপ্রদান করা হল, সেই প্রশ্নই তুলেছেন শুভেন্দু।
