সুদেষ্ণা মন্ডল, কাকদ্বীপ:- আবারো উত্তাল সমুদ্রে ঘটলো বিপত্তি। দু'দিন কাটতে না কাটতেই ফের বিপত্তি গভীর সমুদ্রে। বঙ্গোপসাগরে ডুবে গেল ট্রলার। রবিবার বিকেলে জম্বুদ্বীপের থেকে আরও পনেরো কিমি গভীরে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যায় এফবি মহামায়া। ট্রলারে মোট ১২ জন মৎসজীবীর সকলকেই উদ্ধার করা সম্ভবপর হয়েছে।
{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢেউয়ের দাপটে ট্রলারের পাটাতন ফেটে যায়। ফলে দ্রুত জল ঢুকতে থাকে ট্রলারে। ডুবন্ত ট্রলার থেকে বাঁচার জন্য চিৎকার শুরু করেন ১২ জন মৎস্যজীবী। মৎস্যজীবীদের চিৎকারে সাহায্যের জন্য এগিয়ে আসে পাশে থাকা অন্য ট্রলার এসে সেই মৎস্যজীবীদের উদ্ধার করে নিয়ে যায়। সূত্রের খবর, ডুবন্ত প্রত্যেককে উদ্ধার করে রাতে ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, মহামায়া দক্ষিণ ২৪ পরগনার নামখানার দশমাইল থেকে গতকাল ভোরে রওনা দিয়েছিল। ডুবন্ত ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে আর বেশ কয়েকটি ট্রলার। গত ১৫ তারিখ থেকে গভীর সমুদ্রে মাছ ধরা শুরু হওয়ার পর এটা নিয়ে দু'টি ট্রলার ডুবির ঘটনা ঘটল।এর আগে চলতি মাসের ১৮ তারিখ ইলিশ ধরার জন্য মাঝ সমুদ্রে রওনা দিয়েছিল এফবি স্বর্ণময়ী নামে আরও একটি ট্রলার। তার মধ্যে ছিলেন ১৮ জন মৎস্যজীবী। সকলের প্রচেষ্টায় তাঁদের উদ্ধার সম্ভব হয়। একের পর এক এহেন ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটতে থাকায় রীতিমতো চিন্তায় পড়েছেন মৎসজীবীরা।
