নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ কথিত আছে,মায়ের পায়ের নীচে সন্তানের স্বর্গ। মাকে যারা কষ্ট দেবে,তারা কখনোই স্বর্গে যেতে পারবে না। সেই মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি রানাঘাট থানার অন্তর্গত সরকার ন’পাড়া এলাকার। সত্তরোর্ধ্ব বৃদ্ধার নাম করুণা ঘোষ।
{link}
ওই বৃদ্ধার অভিযোগ, তার স্বামী মারা যাওয়ার পর বড় ছেলে রবিন ঘোষ বিগত তিন বছর আগে জোরপূর্বক ঐ বৃদ্ধার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেয়। তাসত্ত্বেও সেই সময় তিনি পুলিশের কাছে কোন অভিযোগ করেননি। এরপর গত ২২ এপ্রিল তার বড় ছেলে রবিন ঘোষ এবং তার স্ত্রী সন্ধ্যা ঘোষ ওই বৃদ্ধাকে এবং তার মানসিক ভারসাম্যহীন ছোট ছেলে সুকুমার ঘোষ কে মারধর করেন বলে তার অভিযোগ। তিনি আরও অভিযোগ করেন,তার বড় ছেলে মুখে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টাও করেছিলেন। এরপর প্রতিবেশীরা কোনরকমে আহত বৃদ্ধা ও তার ছোট ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। তিনি জানান, সেই দিনের পর থেকে তার ছোট ছেলে নিখোঁজ।
প্রাণে বাঁচতে নিরুপায় হয়ে গত ২২ তারিখ থেকে তিনি স্থানীয় একটি প্রাইমারি স্কুলে আশ্রয় নিয়েছেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রশাসনের দ্বারস্থ হন আক্রান্ত ঐ বৃদ্ধা। ইতিমধ্যেই তিনি সম্পূর্ণ ঘটনাটির অভিযোগ দায়ের করেছেন রানাঘাট থানায়। পুলিশের কাছে বৃদ্ধার একান্ত অনুরোধ, তার ছোট ছেলে ও বাড়ি তিনি যেন দ্রুত ফিরে পান। এর পাশাপাশি তিনি পুলিশকে ঘটনাটির সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি করেছেন।
