সুদেষ্ণা মন্ডল, ক্যানিং: স্ত্রীর বিরুদ্ধের স্বামীকে পুড়িয়ে মারার অভিযোগ। পারিবারিক অশান্তির জেরে স্বামীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার ১ নম্বর দিঘীরপাড় কাঠপোল এলাকায়। মৃত বৃদ্ধের নাম শ্রীপদ রায়। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
{link}
ঘটনা সূত্রে স্থানীয়দের থেকে জানা গেছে, ক্যানিং এর কাটপোল এলাকার বাসিন্দা শ্রীপদ রায় ও স্ত্রী দুজনে একসাথে বসবাস করতেন। দীর্ঘদিনের সংসারে প্রায় সময় অশান্তি লেগে থাকত বলেই অভিযোগ প্রতিবেশীদের। আর আজ হাত পা বেঁধে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার হঠাতই এক প্রতিবেশি মৃতের ঘরের শৌচালয় থেকে আগুন বের হতে দেখেন। তিনি সেই দৃশ্য দেখে তৎক্ষণাৎ স্থানীয়দের খবর দেন। স্থানীয়েরা উদ্ধার করতে এলে বৃদ্ধের হাতে ও পায়ে দড়ি বাঁধা দেখেই তাদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশে। শৌচালয়ের ঘর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শ্রীপদ রায় কে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ক্যানিং থানা পুলিশ। আত্মহত্যা নাকি পুড়িয়ে মারা হয়েছে সেই নিয়েই উঠছে প্রশ্ন। সম্পূর্ন ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।

