অবশেষে অপেক্ষার অবসান। জল্পনাই সত্যি হল। কংগ্রেসের প্রতি একরাশ ক্ষোভ উগরে দল ছাড়লেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। আজ, সোমবার বিকেলে তৃণমূল ভবনে গিয়ে তিনি হাতে তুলে নেন ঘাসফুলের পতাজা। তাঁর হাতে দলের পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।
{link}
লোকসভা ভোটে গোহারা হারেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ। একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে মুখ থুবড়ে পড়ে বাম-কংগ্রেস জোট। ২৯২টি আসনে নির্বাচন হয়েছে। তার একটিতেও জয়ী হননি বাম কিংবা কংগ্রেস। এর পরেই অভিজিৎ ক্ষোভ উগরে দেন দলীয় নেতৃত্বের প্রতি। তা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে দূরত্ব তৈরি হয় অভিজিতের। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতিও শোনা যায় অভিজিতের গলায়। এদিন অভিজিৎ বলেন, আমি বর্তমানে কংগ্রেসের প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক। তার পরেও আমাকে রাখা হয়নি কংগ্রেসের কোনও পদেই। প্রাথমিক সদস্যপদ ছাড়া নতুন কোনও রিনিউয়াল এখনও হয়তো হয়নি। আমি অনুগত সৈনিক হিসেবেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। দল যেভাবে আমাকে কাজ করতে বলবে, তাই করব। এক কংগ্রেস ছেড়ে আর এক কংগ্রেসে এলেন প্রনব পুত্র।
{link}
এদিন বিজেপিকেও কটাক্ষ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে। তিনি বলেন, সম্প্রতি আমরা দেখেছি বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তি এখানে প্রধান হওয়ার চেষ্টা করেছিল। সেটাকে মমতাদিদি রুখে দিয়েছেন। দেশের তাবড় প্রবীণ কংগ্রেস নেতাও তাঁর এই কৃতিত্বকে সম্মান জানিয়েছেন। অভিজিৎ বলেন, তৃণমূল কংগ্রেসের এক প্রাথমিক সদস্য হিসেবে যোগ দিলাম। এক কংগ্রেস থেকে অন্য কংগ্রেসে। মূল থেকে তৃণে। কিন্তু কংগ্রেসেই আছি। যার ফলে বিধানসভা ভোটের পরবর্তী সময়ে নিজেদের শক্তি আরও একটু বৃদ্ধি করল তৃণমূল। লোকসভা নির্বাচনের জন্য এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল।
