একুশে বাংলা দখলের স্বপ্ন রয়ে গেছে অধরাই। খাতায় কলমেই শেষ হয়েছে সোনার বাংলা গড়ার পরিকল্পনা। বাংলা জয় হয়নি, তবে ধরে রাখতে হবে দিল্লির মসনদ। সেই লক্ষ্যেই এবার বুথ স্তরে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করল বিজেপি। এই প্রশিক্ষিত বুথ কর্মীরাই প্রশিক্ষণ দেবেন বাকিদের।
একুশের ভোটে বঙ্গবিজয়ে ঝাঁপিয়ে পড়েছিল গেরুয়া বাহিনী। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো বটেই, দিল্লির একঝাঁক বিজেপি নেতাও ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলা জয়ের লক্ষ্যে। একাধিক বার বাংলায় এসে মিটিং মিছিলে অংশগ্রহন করেছেন তারা। তার পরেও পূরণ হয়নি বঙ্গজয়ের স্বপ্ন। তবে বাংলার রাশ অধরা থাকলে কি হবে, দিল্লি পুনর্দখল করতে চাইছেন বিজেপি নেতৃত্ব। ২০২৪এ লোকসভা নির্বাচন। হাতে সময় বড্ড কম। তাই এখন থেকেই দিল্লি দখলে ঝাঁপিয়ে পড়তে শুরু করেছে গেরুয়া শিবির। দিল্লির মসনদ রক্ষা করাই এখন মূল লক্ষ্য পদ্ম শিবিরের।
{link}
বিধানসভা নির্বাচনে লড়তে গিয়ে বিজেপির ভোট ম্যানেজারেরা দেখেছেন, রাজ্যের প্রায় ৩৫ হাজার বুথে কোনও সংগঠনই নেই। যার জেরে জয়ের স্বপ্ন দেখলেও পূরণ হয়নি লক্ষ্য। তবে এবার আর কোনও ফাঁকফোকর রাখতে চাইছেন না বিজেপি নেতৃত্ব। সেই কারণেই শুরু হয়েছে বুথস্তরে কর্মীদের প্রশিক্ষণ শিবির। রাজ্যের ৭৮ হাজার বুথে প্রশিক্ষণ শিবির করা হবে। প্রথম পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে ৫০ হাজার কর্মীকে। দ্বিতীয় পর্যায়ে দেওয়া হবে আরও ১০ হাজারকে। রাজ্য নেতৃত্বকেও এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে বলা হয়েছে বলে গেরুয়া শিবির সূত্রে খবর। বিজেপির ৩৯টি সাংগঠনিক জেলায়ই হবে প্রশিক্ষণ শিবির। শিবির শেষে দিতে হবে পরীক্ষাও। বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লি থেকে এই নির্দেশিকা এসেছে। বিজেপির সব জেলার সভাপতিকেই নির্দেশিকা পাঠানো হয়েছে। কোভিড প্রটোকল মেনেই বুথে বুথে প্রশিক্ষণ শিবির চলছে। প্রতি বুথে ১০জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে তাঁরাই প্রশিক্ষণ দেবেন বাকিদের।
{link}
রাজ্য ও দেশের ভোট অর্থাৎ বিধানসভা ও লোকসভা ভোটের মধ্যে অনেক তফাৎ রয়েছে। সেই ক্ষেত্রে বাংলা জয় ও দেশের রাজত্বের সিংহাসন রক্ষা করার ক্ষেত্রে লড়াইয়েরও তফাৎ রয়েছে। তবে ২৪-এ যে তৃণমূল কেন্দ্রের লক্ষ্যে ঝাঁপাবে তা স্পষ্ট। বিজেপি তাদের মসনদ রক্ষা করতে সক্ষম হয় কি না, তাই দেখার বিষয়।
