নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ নদীর চরে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীসভা বন্ধের দাবি জানিয়ে পথে নামলেন পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটির সদস্যরা। শনিবার বাঁকুড়া শহরের 'প্রাণকেন্দ্র' হিসেবে পরিচিত মাচানতলায় 'নদীর প্রকৃতি ও বাস্তুতন্ত্র রক্ষা করো', 'বাঁচা ও বাঁচানোর স্বার্থে বন, জঙ্গল, পাহাড় ও নদীকে রক্ষা করো' লেখা পোষ্টার নিয়ে প্রতিবাদ সভা করেন তারা।
{link}
প্রসঙ্গত উল্লেখ্য বিষয়, আগামী ১ জুন বাঁকুড়া শহর সংলগ্ন সতীঘাটে কর্মীসভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারী সংগঠনগুলির দাবি, ঐ সভার জন্য গন্ধেশ্বরীর চর মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, পাশাপাশি ঐ এলাকার বেশ কিছু গাছের ডাল পালা ছেঁটে ফেলা হয়েছে। একই সঙ্গে বছর দুই আগে পরিবেশ রক্ষার স্বার্থে নদীচরে এমনই এক সভার প্রতিবাদ তারা করেছিলেন। সেই সময় জেলাশাসকের তরফে ভবিষ্যতে নদীচরে সভা হবেনা কথা দেওয়া হয়। এমনকি এবিষয়ে জাতীয় পরিবেশ আদালতের তরফেও স্পষ্ট নির্দেশিকা আছে নদী চরে সভা, সমিতি না করা বিষয়ে। সেই সব কিছু না মেনেই ফের সভার আয়োজন করা হচ্ছে বলে তাদের অভিযোগ। এখনো সময় আছে, তাই পরিবেশ রক্ষার্থে সভাস্থল পরিবর্তনের দাবি তারা জানিয়েছেন। এখন শাসক শিবির আদৌ এই দাবী মেনে নেয় কি না, তাই দেখার বিষয়।

