তথাগত ঘোষ, হাওড়া: রবিবার ফের বন্ধ থাকতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু। ঘোষণা রাজ্য সরকারের। শুক্রবার একটি বিবৃতি জারি করার মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়ে ঘোষণা করা হয়েছে। মেরামতির কাজের জন্যেই পুনরায় বন্ধ থাকতে চলেছে এই গুরুত্বপূর্ণ সেতুটি। সূত্রের খবর, আগামী ১৭ মে, ভোর ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দ্বিতীয় হুগলী সেতু সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। কলকাতা পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশের উল্লেখ করা হয়েছে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তরফে বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং বদলের কাজ করা হবে ৷
প্রসঙ্গত, কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনসুরক্ষা এবং যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই পদক্ষেপ। কাজ চলাকালীন সময়ে বিদ্যাসাগর সেতু এবং এটির সংযোগকারী র্যাম্প দিয়ে কোনও ধরনের যান চলাচল করবে না। পুলিশ সূত্রে খবর, যানজট এড়াতে একাধিক বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে।
নির্দেশ অনুসারে, পশ্চিমমুখী যানবাহন, যেগুলি এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাবে, সেগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে ৷ সেখান থেকে স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ একইভাবে খিদিরপুর ও কেপি রোডের দিক থেকে আসা গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে ৷
.jpeg)
