শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সকলেরই একটা প্রশ্ন চোরবাগান বিপর্যয় ঘটলো কি করে। এই নিয়ে এবার পুলিশ সিট গঠন করলো। যদিও তার আগেই মুখ্যমন্ত্রী হোমগার্ডদের দিকে আঙ্গুল তুলেছেন। কার গাফিলতিতে ১৯ জনের প্রাণ গেল, তার যথাযথ তদন্তের জন্য কোনও বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো মঙ্গলবারই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশ মেনে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে ছয় সদস্যের এই সিট গঠন করা হয়েছে। এই দলে আছেন বিপর্যয় মোকাবিলা ও নাগরিক সুরক্ষা দফতরের সচিব, স্পেশাল টাস্ক ফোর্সের ডিজি, আইজি। এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য, স্বরাষ্ট্র দপ্তরের এক প্রতিনিধি এবং রাজ্য পুলিশের ডিজির প্রতিনিধি।
চোরবাগানে সেদিন কীভাবে এই বিপর্যয়, মূলত তা খুঁজে বের করাই এই কমিটির মূল দায়িত্ব। শুধু তাই নয়, নয়া এই কমিটিকে পুরো ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। বিশেষ করে কোন সময়ে কোন জায়গায় ভয়াবহ এই ঘটনা ঘটল, তা যেমন খতিয়ে দেখবেন কমিটির সদস্যরা। একইভাবে ওই মণ্ডপে কত লোক ধরার ক্ষমতা ছিল, তার থেকে বেশি লোক ছিল কি না তা খতিয়ে দেখবে। শুধু তাই নয়, বিপর্যয়কে ঘিরে একাধিক তথ্য সামনে আসছে। কোন অংশের দাবি বৃষ্টির জেরে নাকি এই ঘটনা, এমনকী ঘটনার দিন মণ্ডপ ভেঙে পড়ার একটা গুজবও ছড়িয়ে পড়েছিল। নেপথ্যে কী? তাও এই কমিটি খুঁজে বের করবে বলে জানা গিয়েছে।
