শুভেন্দুর হাত ধরে বাংলা এগিয়ে চলেছে দুর্বার গতিতে - রাজনাথ সিং
শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রবিবার একাধিক প্রকল্পর উদ্বোধন করতে ও ডুরান্ড ফাইনাল দেখতে কলকাতায় এসেছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কলকাতায় এসেই প্রতিরক্ষা মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর ভুয়সী প্রশংসা করেন। তিনি প্রথমেই বললেন, “শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ।” গার্ডেনরিচে শিপ বিল্ডার্সের ৫টি ইউনিটের শিলান্যাস উপলক্ষে রবিবার কলকাতায় আসেন প্রতিরক্ষামন্ত্রী। ভূমি পুজো ও শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুর প্রশংসা করেন রাজনাথ। তিনি বলেন, “সব ক্ষেত্রেই বাংলা নতুন করে জেগে উঠছে। বাংলার হাওয়ায় এখন নতুন গন্ধ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। বিকাশে লক্ষ্যে এগিয়ে চলেছে।”
শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “সমুদ্র সুরক্ষায় শক্তি বেড়েছে ভারতের। স্বদেশী অস্ত্রে এখন শক্তিশালী প্রতিরক্ষামন্ত্রক। আত্মনির্ভরতার প্রমাণ মিলেছে অপারেশন সিঁদুরে।” বিশ্বজুড়ে সমুদ্র বাণিজ্য বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন। বাংলায় বিনিয়োগের বার্তা দিয়ে তিনি বলেন, গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-র মাধ্যমে পশ্চিমবঙ্গে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পে মোট প্রায় ৩,৪০৪ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। GRSE-র ‘নবরত্ন’ মর্যাদা পাওয়াকে বাংলার জন্য বড় গর্বের বিষয় হিসেবে তুলে ধরেন তিনি। বাংলায় শিল্প সম্ভাবনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, জমি, দক্ষ মানবসম্পদ, পরিকাঠামো ও কাঁচামাল—সবই বাংলায় রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়নে গতি বাড়ানোর উপর জোর দিতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করলে বাংলায় আরও বড় বিনিয়োগ আসবে বলে বার্তা দেন। কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও জানান রাজনাথ।
