নিজস্ব সংবাদদাতা: বেশ গরম বেড়ে গেছে। সকালের দিকে তাপমাত্রা কিছুটা মন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বেশ বাড়ছে। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর প্রভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। যদিও বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যে পড়বে না বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
শুক্রবার দক্ষিণবঙ্গে বাড়বে গরম। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। তবে দক্ষিণের কিছু কিছু জেলায় আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে এই সব জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৬ থেকে ৩৭ ডিগ্রির কাছাকাছি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তরের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়ের গতি হতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা।
.jpeg)
