শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সেবাই ভারত সেবাশ্রম সংঘর মূল লক্ষ্য। আর্ত মানুষের সেবা করাই তাদের মূল লক্ষ্য। বিশ্বময় যেখানেই মানুষ বিপদে পড়েছে সেখানেই ভারত সেবাশ্রম সংঘ তাদের সাহায্যের চেষ্টা করেছে। এবার নেপালে। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত প্রতিবেশী হিন্দু দেশ নেপাল। সেখানকার অসহায় মানুষের পাশে দাঁড়াল ভারত সেবাশ্রম সংঘ। সাম্প্রতিক বন্যা ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নেপালের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ শুরু করলেন সংঘের সদস্যরা। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে নেপালের লামা সুঁটি, নুয়াকোট জেলার বেলকোটগাধি পুরসভার ৭ নম্বর ওয়ার্ড-সহ বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও সেবাকাজ চলছে বলে খবর। দুর্গত মানুষের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা করা হচ্ছে। জোড়া বিপর্যয়ের পর নেপালের একাধিক জেলা এখনও অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।
ত্রিশূলী ও ভোটেকোশি নদীর প্রবল স্রোতের কারণে ধাদিং জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নুয়াকোটেও বন্যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর সামনে এসেছে। গোরখা ও তানাহুন জেলাতেও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, স্বামী আত্মশুদ্ধানন্দ মহারাজের নেতৃত্বে নেপালের বিস্তীর্ণ এলাকায় ত্রাণ ও সেবাকাজ শুরু করেছেন সংঘের সদস্যরা৷ প্রাথমিকভাবে দুর্গত মানুষদের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হচ্ছে৷ এই
কঠিন পরিস্থিতিতে দুর্গত মানুষের কাছে পৌঁছে তাঁদের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোই ভারত সেবাশ্রম সংঘের মূল লক্ষ্য। সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা বিপর্যস্ত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী যা যা সাহায্য প্রয়োজন, তা করছেন। যদিও এই প্রথম নয়, ভারত সেবাশ্রম সংঘ দীর্ঘদিন ধরেই দেশ-বিদেশে প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
