শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গেলো বাংলার কালীপুজোর(Kali Puja )উদ্বোধন। কলকাতা, বারাসাত, নৈহাটি, কল্যাণী সর্বত্র শুক্রবার মানুষ পথে নেমে গেছে। শুরু হয়ে গেছে দিকে দিকে পুজোর উদ্বোধন। দুর্গাপুজোর মতো বাংলায় কালীপুজোও দারুণ জমজমাট। নৈহাটি, বারাসতের কালীপুজো বিখ্যাত হলেও কলকাতায় তার জৌলুস কিছু কম নয়। আর পুজোর দিন দুই আগে সেই আকর্ষণ আরও বাড়িতে তুলল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের পুজো উদ্বোধন। শুক্রবার আমহার্স্ট স্ট্রিটের বিখ্যাত কালীপুজো মণ্ডপ খুলে গেল তাঁরই হাত ধরে। মন্ত্রী তাপস রায়ের আহ্বানে কালীপুজোর উদ্বোধনে এসে বদলে যাওয়া বাংলার ভূয়সী প্রশংসা শোনা গেল হরভজনের কথায়। এই অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাতে নিজের ম্যাচের একটি জার্সি উপহার হিসেবে তুলে দেন ‘ভাজ্জি’। সবচেয়ে ভালো মুখ্যমন্ত্রী হওয়ার শুভেচ্ছা জানান শুভেন্দুকে।
গাঢ় বেগুনি রঙের স্যুট, ব্লেজার। সঙ্গে একই রঙের পাগড়ি। মুখে বরাবরের মতো মিষ্টি হাসি। কালীপুজোর উদ্বোধনে এমনই জমকালো সাজে কলকাতার মাটিতে দেখা গেল হরভজন সিংকে। উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত আমহার্স্ট স্ট্রিটে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর নামাঙ্কিত পুজোর আকর্ষণ যেন আরও বাড়িয়ে দিলেন ‘পাঞ্জাব দা পুত্তর’। এখানে তারাপীঠের নিয়মাবলী মেনে পুজো হয়। শুধু ফিতে কেটে পুজোর উদ্বোধন নয়। হরভজন রীতিমতো ফুল নিয়ে মা কালীর চরণে অর্পণ করে ভক্তিভরে প্রণাম করেন। তাঁর পাশে ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তথা মানিকতলার বিধায়ক তাপস রায়। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বদলে যাওয়া বাংলার প্রতি তাঁর ভালো লাগার কথা অকপটে প্রকাশ করলেন হরভজন। তাঁর কথায়, ‘‘আমি আগেও দু, একবার এসেছি কলকাতায়। এবার এসে বদলটা দেখতে পাচ্ছি। যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, তা বেশ ভালো লাগছে। আমি আলাদা করে ধন্যবাদ জানাতে চাই শ্রী তাপস রায়জিকে। তিনি আমাকে নিমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছেন। আমার মনে হয়, এখনকার মুখ্যমন্ত্রী সবচেয়ে ভালো মুখ্যমন্ত্রী হয়ে উঠবেন।''

