শেফিল্ড টাইমস ডিজিটাল : রাজ্যে এখনও সক্রিয় বর্ষা। মঙ্গলবারও পশ্চিমবঙ্গের আবহাওয়ায় খুব একটা পরিবর্তনের ইঙ্গিত নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
সক্রিয় মৌসুমি পরিস্থিতির জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দু'টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দু'টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
IMD-রিপোর্ট অনুযায়ী, আজ শহরে সারাদিন আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ফের উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এই পাঁচ জেলার এক বা দু'টি স্থানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে IMD। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এক বা দু'টি স্থানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
