শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে দ্রুত আবহাওয়া বদলে যাচ্ছে বাংলায়। আজ, বৃহস্পতিবার ২৭ অগাস্ট কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই। তবে শুক্রবারের পর থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে। এই সময় দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাতে বিপদ বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি পড়লেও ভ্য়াপসা আবহাওয়া এখনও থাকবে। বজায় থাকবে অস্বস্তি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনের নানা সময় বর্ষণ দেখতে পারে রাজ্যের রাজধানী শহর। তাই আজ যাঁরা বাড়ি থেকে অফিসের পথে পা রাখছেন, তাঁরা অবশ্যই সঙ্গে রাখুন ছাতা।
অন্যদিকে আজ দক্ষিণের মতোই ভিজবে উত্তরবঙ্গ। বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে। কিন্তু শনিবার থেকে বদলে যাবে পরিস্থিতি। ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে বাংলার এই অংশে।
