শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারের মতো আজ, শুক্রবারও বাংলার কোনো কোনো জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে অবশ্য বৃষ্টি নাও হতে পারে মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই নিম্নচাপ শক্তি হারিয়েছে। কিন্তু মৌসুমী অক্ষরেখা রয়েছে অ্যাক্টিভ। যেই কারণে আজও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে ভারী বর্ষণের সম্ভাবনা প্রায় নেই। আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই সব জেলায়। তবে শনিবার আবহাওয়ার হাল বদলে যেতে পারে। বৃহস্পতিবার রাতেও চরম ভ্যাপসা আবহাওয়া সহ্য করতে হয়েছে কলকাতাবাসীকে। আকাশ ছিল মেঘলা। আর আজ সকালেও আকাশে মেঘের দেখা মিলেছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, আজ মেঘমুক্ত আকাশও দেখা যেতে পারে। উঠতে পারে রোদ। তবে সারাদিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই আজ বাইরে বেরলে সঙ্গে ছাতা রাখা মাস্ট। নইলে ভিজতে হতেই পারে।
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলি দুর্যোগ কাটিয়ে ফেলেছে। তবে উত্তরবঙ্গের হাল বেশ খারাপ। শুক্রবার উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পাহাড়ের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গবাসীরা অবশ্যই সতর্ক থাকুন। আজও বাইরে বেরলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। নইলে বেকার ভিজতে হবে।
