শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সকালে অনেকটাই মেঘমুক্ত আকাশ। তবে আজ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই গভীর হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপটি। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার সকালে সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে কলকাতার খুব কাছ দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে।
দক্ষিণবঙ্গে এদিন ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি অর্থাৎ চরম ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সর্বোপরি কলকাতার খুব কাছ দিয়ে নিম্নচাপ যাবে, ফলে শহরে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা নিম্নচাপের গতিপথের খুব কাছে থাকায় বৃষ্টির তীব্রতা বাড়বে। এছাড়াও ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী থেকে অতিভারী এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টিপাত হবে এদিন। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্য জেলাগুলিতে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। শনিবারও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
অন্যদিকে উত্তরেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে একই পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
