সকাল থেকেই বেশ গরম। দুপুরের দিকে তো ঝালসে যাবার উপক্রম। অবশ্য এর মধ্যে কিছুটা শান্তির বাণী শুনিয়েছে আবহাওয়া অফিস। আজ দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিস বলছে, এদিন ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পশ্চিমের জেলাগুলির পারদ।
চৈত্রের গরম কমাতে আবার আসছে ঝড়-বৃষ্টি। কবে থেকে নামবে বৃষ্টি? শীতল হবে বাংলা, জানাল আলিপুর আবহাওয়া অফিস। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। মূলত দুপুর বা বিকেলের পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির ঘরে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও অনেকটাই বেশি থাকবে। আজ ও আগামিকাল উষ্ণ-আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। আজ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, দুই মেদিনীপুরে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ৩ দিন পর ৩-৪ ডিগ্রি পারদ পতনের আশা। নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কমতে পারে গরম।
অন্যদিকে, উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে।
