শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: IMD-র পূর্বাভাসও বলছে, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। তবে মেঘ কেটে গেলে রোদের দাবদাহে কষ্ট আরও বাড়বে শহরবাসীর। অন্যদিকে, জেলাতে চালিয়ে ব্যাট করবে গরম। চাঁদিফাটার জোগাড় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায়। আজ কলকাতা সহ জেলায় জেলায় আবহাওয়া কেমন থাকবে বুঝে নিন।
কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে IMD। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
