সকালের দিকে সামান্য কুয়াশা। তবে তাপমাত্রা কমে নি। ইতিমধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কখনও ঝড়, কখনও বৃষ্টি, তার সঙ্গে বজ্রপাত আর দমকা হাওয়া, সব মিলিয়ে রাজ্যের একাধিক জায়গায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আর বাতাসে বাড়তি জলীয় বাষ্পের জন্যই আবহাওয়ার এই অবস্থা। আজ বুধবারও সেই একই প্রভাব থাকবে দক্ষিণবঙ্গে।
আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে, যার গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। কিছু এলাকায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে, তাই সতর্ক থাকার কথা বলা হয়েছে। আজ ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতে হালকা বৃষ্টি হতে পারে। যদিও অন্যান্য জেলা ভিজবে না। শুকনো থাকবে আবহাওয়া। তারপর ২ এবং ৪ এপ্রিল কোনও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদিও ৫ এপ্রিল হতে পারে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহর ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের জন্য পরিস্থিতি কিছুটা আলাদা। বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুর জেলায়। আগামী ২ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। এরপর পরবর্তী ৩ দিনে ধীরে ধীরে তাপমাত্রা ৩–৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
