বৃহস্পতিবার ব্যাপক বৃষ্টি হয়েছে প্রায় সব জেলায়। তার আগের ২/৩ দিন ভালো বৃষ্টি হয়েছে কয়েকটি জেলায়। স্বাভাবিক কারণেই তাপমাত্রা অনেকটা কমে গেছে। আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে একধাক্কায়। মনোরম পরিবেশ। এদিন ঝড়ের সম্ভাবনা হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায়। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হবে। এদিন ঝড়ের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। সতর্কতা জারি করা রয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার পশ্চিমবঙ্গ, অসম হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধবার অবদি রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সতর্কতা জারি রয়েছে।
