সকাল থেকেই বেশ মেঘে ঢাকা আকাশ। যেকোনো মুহূর্তেই বৃষ্টি নামতে পারে। একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও হালকা, কোথাও আবার মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ার কিছু অংশে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে হাওয়ার গতি কিছুটা কম, প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। আজ কলকাতায় (Kolkata Weather Update) আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর বা বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে মাঝারি গতির হাওয়া বইবে, যা সাময়িক স্বস্তি দিলেও ঝোড়ো হাওয়ার ঝাপটাও অনুভূত হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সব এলাকায় হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
