শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মৃত্যুর ওপারে কোন দেশ? সেখান থেকে কি ফেরা যায়? স্থায়ীভাবে না হলেও চকিতের জন্য? এই প্রশ্ন শুরু থেকেই ভাবিয়েছে সভ্যতাকে। আজও মৃত্যু পরবর্তী জগৎ আশ্চর্য ধোঁয়াশায় ঢাকা। বিজ্ঞান যতই বুক ঠুকে বলুক মৃত্যুর সঙ্গে সঙ্গে জীবনের সম্পূর্ণ বিলুপ্তি, রাজশেখর বসুর ‘মহেশের যাত্রা’র সংলাপ বেজে ওঠে, ”আছে আছে, সব আছে, সব সত্যি…” আর এই যে দ্বিধা, তা ভাবিয়েছে খোদ রবীন্দ্রনাথকেও। Rabindranath-ই বা কেন, প্যারীচাঁদ মিত্র, দেশবন্ধু চিত্তরঞ্জন, ঋষি অরবিন্দ- বাঙালির মনীষীদের অনেকেই বারবার জানতে চেয়েছেন জীবনের ওপারে কী রয়েছে। উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে যায় প্ল্যানচেটের চর্চা।
আজ সেই চর্চা স্তিমিত হয়ে গেলেও প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে বাঙালি বারবার ফিরে গিয়েছে প্ল্যানচেটের কাছে। চেষ্টা করেছে ইহজগতের সীমানা পেরিয়ে যাওয়া সত্তাদের ‘সংকেত’কে বুঝতে!
প্যারীচাঁদ মিত্রকে আমরা চিনি টেকচাঁদ ঠাকুর নামেও। ‘আলাল ঘরের দুলাল’–এর রচয়িতাকে অনেকেই বাংলার প্রথম ঔপন্যাসিক বলেন। আসলে বঙ্কিমের ‘দুর্গেশনন্দিনী’র আগেই তাঁর লেখা আখ্যানটিতেও উপন্যাসের ধর্ম ছিল বলেই অনেকের দাবি। যাই হোক, সে অন্য প্রসঙ্গ। শেষ জীবনে প্রবলভাবে পরলোকে বিশ্বাসী হয়ে পড়েছিলেন তিনি। ১৮৬৩ সালে প্রকাশিত ‘আজব নগরী’ নামের এক বইয়ে তিনি স্পষ্ট লিখেছিলেন, ‘দেহত্যাগের পরে আত্মা সূক্ষ্ম শরীর ধারণ করে। ভক্তির সাহায্যে ও মনোযোগের একাগ্রতায় সেই আত্মার সহিত কথোপকথন সম্ভব।’ কেন তিনি পরলোক সম্পর্কে এভাবে মগ্ন হয়ে পড়েছিলেন? তাঁর স্ত্রী বামাসুন্দরী দেবীর অকালমৃত্যুই আমূল নাড়িয়ে দিয়েছিল তাঁকে। একবার স্ত্রীকে দেখার আকুলতা থেকেই স্পিরিচুয়ালিজমের অনুসারী হয়ে পড়েন তিনি।
