শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ১০ টাকার দিন শেষ, এখন ১৮ টাকা। দীর্ঘদিন বাসের ভাড়া অপরিবর্তিত আছে। এবার Bus মালিকদের দাবি বাসের ন্যূনতম ভাড়া ১৮ টাকা করতেই হবে। এই নিয়ে পরিবহন মন্ত্রীর সঙ্গে তাঁদের একাধিকবার মিটিং হয়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ খরচ সামলাতে পুজোর পরেই ফের বাস ভাড়া বৃদ্ধির আর্জি নিয়ে পরিবহণমন্ত্রীর দরবারে উপস্থিত হলেন বেসরকারি বাস সংগঠনের মালিকেরা। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বাস মালিকেরা। সে সময় পুজোর পর ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন পরিবহণমন্ত্রী। সেই কথা স্মরণ করিয়ে দিয়েই নতুন ভাড়ার প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, কলকাতায় বাস চালু হলেই অর্থাৎ ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার দাবি জানানো হয়েছে। অন্যদিকে, জেলাগুলিতে বাসে উঠলেই ন্যূনতম ভাড়া ২০ টাকা করার আবেদন করা হয়েছে।
বাস মালিকদের স্পষ্ট দাবি, ২০১৮ সালের পর রাজ্যে সরকারিভাবে আর কোনও বাস ভাড়া বাড়েনি। ফলে দিনের পর দিন লোকসান গুনে রাস্তা থেকে তুলে নিতে হচ্ছে একের পর এক বাস। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ওপর। এই শিল্পকে বাঁচাতে এবং পরিষেবা সচল রাখতেই ভাড়ার এই পুনর্নির্ধারণ অত্যন্ত জরুরি বলে দাবি বাস মালিকদের।
