শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তোলাবাজির প্রতিবাদ করায় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর অপর এক নব্য বিজেপি কর্মীর। গতকাল ঘটনাটি ঘটেছে Howrah -এর ডোমজুড়ের বেগড়িতে। কেষ্ট নস্কর নামে ওই বিজেপি কর্মী গুরুতর আহত অবস্থায় ভর্তি কলকাতার এসএসকেএম হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।
রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর বিজেপিতে যোগদানের ঢল নেমেছে। অনেক জায়গায় এই নব্য বিজেপি কর্মীরা এলাকায় তোলাবাজির ঘটনায় জড়িয়ে পড়ছেন। বিজেপির রাজ্য সভাপতি বারবার তোলাবাজি নিয়ে কঠোর বার্তা দিলেও কানে তুলছেন না নব্য বিজেপি কর্মীরা। গতকাল ডোমজুড়ের বেগড়িতে বাজার করে বাড়ি ফেরার সময় কেষ্ট নস্কর নামে এক আদি বিজেপি কর্মীর ওপর চড়াও হয় স্থানীয় শিবশংকর মজুমদার নামে এক বিজেপি কর্মী। কেষ্ট জগতবল্লভপুরের ৪ নম্বর মণ্ডলের কোষাধ্যক্ষ পদে রয়েছেন। কেষ্টর অভিযোগ দিন দুয়েক আগে স্থানীয় একটি চায়ের দোকানে দলের সভাপতি শমিক ভট্টাচার্যের তোলাবাজি নিয়ে কঠোর অবস্থান কথা বলেন। এলাকায় বিজেপির নামে কারা তোলাবাজি করছে সেকথা দুই দলীয় কর্মীকে উল্লেখ করে বলেন দল এসব সহ্য করবে না। তাতেই আগুনে ঘি পড়ে।
আরও পড়ুন: Singur: সিঙ্গুরে কারখানা গড়বে অশোক লেল্যান্ড তথা হিন্দুজা গ্রুপ!
মঙ্গলবার বাজার করে বাড়ি ফেরার সময় কেষ্টকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে শিবশঙ্কর মজুমদার। নাকে মুখে পাঞ্চার দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এরপর তাকে কিল, চড়, ঘুসি, লাথি মারা হয়। প্রথমে আহত অবস্থায় তাকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে এবং পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত বিজেপি কর্মীর অভিযোগ তোলাবাজি নিয়ে প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে মারেন নব্য বিজেপি কর্মী শিবশংকর। কেষ্টর দাদা শ্যামল নস্করের অভিযোগ তাদের গোটা পরিবার বহুদিন বিজেপির সঙ্গে যুক্ত। আগে তারা তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু শিবশংকর কে আগে এলাকায় বিজেপি করতে দেখা যায়নি। তোলাবাজি নিয়ে প্রতিবাদ করায় তার ভাইকে মারধর করা হয়েছে। এই ঘটনায় ডোমজুড় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
