শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গতকাল অভিষেকর বাড়ির বাইরে বিজেপির একদল সমর্থক যে কাজ করেছে তা শুধু অপরাধ নয়, নিন্দনীয়। তা নিয়েই এবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মিডনাইট বার্থডে সেলিব্রেশনের সময় তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি, অভিষেকের সঙ্গে পুলিশের তীব্র বাদানুবাদ। দুপুরে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় কালীঘাটে। শনিবার সকালেই অভিষেকের বাড়িতে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বিজেপি বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এরপর ফের বাড়ির বাইরে মাইক নিয়ে পুলিশকে নিশানা করেন মমতা। এমনকী হুঁশিয়ারিও দেন। পাশাপাশি চোরবাগানের ঘটনার প্রসঙ্গ টেনে এনে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “দয়া করে হামলার চেষ্টা করবেন না। আপনাদের একটাই কাজ একদিকে হামলা, আরেকদিকে মামলা। একদিন মনে রাখবেন এই হামলা ও মামলা করতে করতে আপনারা বিজেপির হাতে পুতুল হয়ে নিজেদের চেয়ারটাও হারাতে পারেন। তার কারণ কোর্টে কিন্তু মামলা চলছে। আপনারা যদি আমাদের কাজে বাধা দেন, তাহলে আমরা কিন্তু বারবার করে কোর্টকে জানাচ্ছি।”
এরপরই কলকাতা পুলিশ কমিশনারের নাম উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, অজয় নন্দার প্রথমে পদত্যাগ করা উচিত। চোরবাগানের প্রসঙ্গ টেনে এনে বিনীত গোয়েলের উদাহরণ তুলে ধরে অজয় নন্দের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, “আমি আপনাদের বলব এই জিনিস করবেন না। কাল থেকে আমার বাড়ির সামনে পাড়ায় গিয়ে হামলা করেছে। আর রাস্তার উপর বেআইনি পুজো করতে দিয়েছে। যা কোনও দিন আজ পর্যন্ত হয়নি। যাঁদের আইনি পুজো, তাঁদের থ্রেট করছেন। পুজোর আগে হামলা করতে হচ্ছে? এসব খেলা খেলবেন না। মানুষ সব দেখছে। দুই দিন ধরে ইন্ডি জোটের অনুষ্ঠানে গিয়েছি। ওই দিন থেকে আমাদের উপর হামলা চালাচ্ছে।”
