শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Tramp Diwali Celebration)। উপস্থিত ছিলেন তাঁর প্রশাসনের ভারতীয় বংশোদ্ভূত আধিকারিকরা। শুক্রবার ওভাল অফিসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপনে মেতে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। সেই অনুষ্ঠানেই তিনি উপহার পেলেন হনুমান চালিশা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, বিশিষ্ট শেফ বিকাশ খন্না, উদ্যোগপতি বিশাল গোন্ডাল, আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ, এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল এবং মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের ডিরেক্টর জয় ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এবং সোশ্যাল সিকিওরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদি।
উদযাপনের ছবি প্রকাশ করে গোন্ডাল বলেন, “আলোকিত হয়ে উঠেছে ওভাল অফিস। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পেরে আমি সম্মানিত। তাঁকে একটি হনুমান চালিশাও উপহার দিয়েছি। তাতে আমি গর্বিত। তুলসীদাসের লেখা ভগবান হনুমানের এই স্তোত্রটি লক্ষ লক্ষ ভারতীয় সাহস, ভক্তি ও শক্তি লাভের আশায় পাঠ করে থাকেন।” মার্কিন প্রশাসনে দীপাবলি উদযাপনের প্রথাটি শুরু হয় ২০০৩ সালে। প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে। এর আগে অনুষ্ঠান মূলত আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে আয়োজিত হত, যেখানে ভারতীয় এবং মার্কিনিরা উপস্থিত থাকতেন। ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা সেই অনুষ্ঠানের আয়োজন হোয়াইট হাউসের ইস্ট রুমে শুরু করেন। করেন প্রদীপ প্রজ্বলনও।

