শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে বিষক্রিয়ার জেরে স্থানীয় হাসপাতালে ভর্তির পর হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়কRekha Patra-কে গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা উন্নতির পর দিনভর পাক খাচ্ছে একটাই প্রশ্ন, নানা সময়ে নানা ঘটনায় বিতর্ক তৈরি করা বিধায়ক কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন নাকি লুকিয়ে অন্য রহস্য। রহস্য যে আছে, তাতে কোনো সন্দেহ নেই। যদি বিষ খেয়ে থাকেন, তাহলে কেন? যদি খাবারে বিষ থাকে, তবে পিছনে কে বা কারা? পারিবারিক সূত্রে দাবি, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু কেন, কোন চাপে তা নিয়ে পরিবারের কেউ মুখ খোলেননি। স্থানীয় সূত্রের খবর, দলের একটি অংশের সঙ্গে বিধায়কের বিরোধ বারবার প্রকাশ্যে এসেছে, তিনি হুমকির মুখেও পড়েছিলেন। বিভিন্ন কর্মসূচিতে তিনি ডাক পাচ্ছিলেন না। ঘটনায় একজনকে আটক করে চলছে তদন্ত।
যদিও হাসপাতালে রবিবার দলীয় বিধায়ককে দেখার পর স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, কিছু একটা খাবার খেয়েছিলেন, তার থেকেই বিষক্রিয়া! আশঙ্কা করছি এটা ফুড পয়জন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পাওয়ামাত্র আমায় নির্দেশ দিয়েছেন পুরো বিষয়টি দেখতে। যে কোনও মানুষের যখন বাজে সময় যাবে তখন ভারতীয় জনতা পার্টি পাশে থাকবে।” জানা গিয়েছে, শনিবার রাত নটার সময় ঘাস মারার বিষ খান রেখা। প্রথমে তাঁকে বসিরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। বিজেপির উচ্চ নেতৃত্ব খবর পাওয়া মাত্র কলকাতায় আনার পরামর্শ দেন।
