শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার,অরুণাচল(Arunachal) সীমানাকে খুঁচিয়ে ঘা করতে চাইছে চিন। অরুণাচল সীমান্ত নিয়ে ‘ড্রাগনে’র সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে। এই আবহে ফের বৈঠকে বসলেন ভারত এবং চিনের শীর্ষপদস্থ সেনাকর্তারা। সূত্রের খবর, নতুন করে সংঘাত এড়াতে এবং শীতের মরশুমের আগে উত্তেজনা কমাতেই এই বৈঠক। জানা গিয়েছে, ভারতীয় সেনার তিন নম্বর কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়া এবং চিনের শীর্ষ সামরিক নেতা ছিলেন এই বৈঠকে। উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের আধিকারিকও। একাধিক সংবাদমাধ্যম মরাফত জানা গিয়েছে, দিওয়ালির পর ৮ নভেম্বর থেকে প্রায় ১০ দিন ধরে এই আলোচনা চলে। এর আগে ৬ ও ৭ সেপ্টেম্বর কিবিথু সেক্টরের ওয়াচা-দামাই বর্ডার পার্সোনেল মিটিং পয়েন্টে পূর্ব সেক্টরে প্রথম কোর কমান্ডার স্তরের বৈঠক হয়েছিল। টাকসিং ও আসাফিলা-সহ অরুণাচলের বিভিন্ন অংশে টহলদারি ও সীমান্ত নিয়ে টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত মাসেই অরুণাচল সীমান্তে ভারত এবং চিনের টানাপোড়েনের বিষয়টি প্রকাশ্যে আসে। সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল জানান, চিন তাদের নির্ধারিত টহল দেওয়ার নিয়ম বদল করায় অরুণাচলে ভারত-চিন সীমান্তে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর টহলদারির সময় ভুল বোঝাবুঝি ও মুখোমুখি সংঘাত এড়ানো, উভয় বাহিনীর যোগাযোগের সমন্বয় করা এবং শীতের আগে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি নির্ধারণ করতে দশদিনের দীর্ঘ বৈঠক হয়েছে বলেই খবর।

