শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাঙালির কাছে বেলুড় মঠের দুর্গা পূজার এক বিশেষ তাৎপর্য আছে। বিশেষ করে স্বামী বিবেকানন্দ প্রবর্তীত বেলুড় মঠের 'কুমারী পুজো' দেখার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষের ভিড় জমে। স্বামীজি ১৯০১ সালে প্রথমবার বেলুড় মঠে দুর্গাপুজো করেছিলেন। তারপর থেকে কখনও বন্ধ হয়নি। অনেক ঝড়ঝাপ্টা, প্রতিকূলতা গিয়েছে, কিন্তু পুজো বাদ পড়েনি কোনও বছর। এ বারও একই ভাবে নিষ্ঠার সঙ্গে দুর্গাপুজো হবে বেলুড় মঠে। ইতিমধ্যেই বেলুড় মঠের পক্ষ থেকে দুর্গাপুজোর নির্ঘণ্ঠ ও কখন কোন পুজো হবে, তা বিস্তারিত সূচি প্রকাশ করা হয়েছে। বেলুড় মঠের অন্যতম আকর্ষণ কুমারী পুজো। হাজার হাজার ভক্ত বেলুড় মঠের কুমারী পুজো দেখার জন্য বছরভর অধীর অপেক্ষায় থাকেন। ১৯০১ সালে প্রথমবার স্বামী বিবেকানন্দ যখন বেলুড় মঠে কুমারী পুজো করেছিলেন, সে বার তিনি ৯ জন কুমারী কন্যার পুজো করেছিলেন। ১৯০২ থেকে ১৯১১ পর্যন্ত প্রতিমা পুজো হয়নি বেলুড় মঠে। ঘটেই পুজো হত। ১৯১২ সাল থেকে ফের প্রতিমা পুজো শুরু হয়।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ২০২৬ সালের ১৮, ১৯ ও ২০ অক্টোবর, যথাক্রমে রবি, সোম ও মঙ্গলবার বেলুড় মঠে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। এই বছর মহাষ্টমী পড়েছে ১৯ অক্টোবর অর্থাত্ সোমবার। বেলুড় মঠে অষ্টমীর পুজো শুরু হবে ভোর সাড়ে ৫টায়। কুমারী পুজো হবে সকাল ৯টায়। সন্ধিপুজো হবে সকাল ১০টা ২৮ থেকে ১১টা১৬ মিনিট পর্যন্ত। বেলুড় মঠের সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর অর্থাত্ রবিবার সপ্তমীর পুজো হবে ভোর সাড়ে ৫টায়। ২০ অক্টোবর অর্থাত্ মঙ্গলবার মহানবমীর পুজো শুরু হবে ভোর সাড়ে ৫টায়। দুর্গার ভোগ আরতির পরে হোম হবে। প্রতিদিনই ভোগারতির পরে পুষ্পাঞ্জলি হবে। এছাড়া সন্ধ্যায় রামকৃষ্ণের আরতির পরেই দুর্গার আরতি হবে।
