শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারের একটা সিদ্ধান্ত নাড়িয়ে দিয়েছে পেট্রোল পাম্প ডিলারদের। UPI লেনদেনের উপর বসতে চলেছে বেশ বড়ো চার্জ। তা মানতে রাজী নয় পেট্রোল পাম্প মালিকেরা। ফলে তারা জানিয়েছে, এবার থেকে আর UPI নয় ক্যাশ পেমেন্ট করতে হবে পেট্রোল পাম্পে। নতুন নিয়মে বলা হয়েছে, ২০০০ টাকা বা তার বেশি ইউপিআই পেমেন্টে ০.০৪ শতাংশ হারে এমডিআর দিতে হবে। ৭৫,০০০ টাকার উপরে লেনদেনে ৩০০ টাকা দিতে হবে। সেখানেই রেলওয়ে, টেলিকম, বিমা, জ্বালানির ক্ষেত্রে ২০০০ টাকার লেনদেন করলে ৫ টাকা করে চার্জ দিতে হবে বলে জানানো হয়েছে। ২০০০ টাকার নীচে কোনও চার্জ লাগবে না। ইউপিআই-তে জ্বালানি কেনার ক্ষেত্রে প্রতি লেনদেনে ৫ টাকা করে এমডিআর (MDR) বসানোর সিদ্ধান্তের বিরোধিতা করছে অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন (AIPDA)।
ডিলার সংগঠনের বক্তব্য, পেট্রোল পাম্প ব্যবসায় লাভের পরিমাণ নির্দিষ্ট এবং তুলনামূলকভাবে কম। ফলে প্রতিটি ইউপিআই লেনদেনে ৫ টাকা করে এমডিআর দিতে হলে, সরাসরি তাদের উপরই অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে। এই পরিস্থিতিতে জ্বালানি কেনার ক্ষেত্রে ইউপিআই পেমেন্টকে এমডিআর-র আওতার বাইরে রাখার দাবি জানিয়েছে এআইপিডিএ (AIPDA)। সংগঠনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই চার্জ প্রত্যাহার না হলে নির্দিষ্ট সীমার বেশি অঙ্কের লেনদেনে আবার নগদে পেমেন্ট নেওয়ার ব্যবস্থা চালু করার কথা বিবেচনা করতে পারেন পেট্রল পাম্প ডিলাররা। এর ফলে ডিজিটাল পেমেন্টের পরিবর্তে বড় অঙ্কের জ্বালানি কেনাকাটায় নগদ লেনদেন বাড়তে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে।
