শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারতের অন্যতম রিয়েলিটি শো 'বিগ বস'। এতো বিপুল দর্শক-শ্রোতা অন্য কোনো শোয়ে নেই। একটা অন্যতম বিগ বাজেটের শো। হিন্দি থেকে শুরু করে বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মলয়ালম কিংবা মরাঠি—দেশের বিভিন্ন ভাষায় সমান জনপ্রিয়তার সঙ্গে চলছে এই শো। প্রতিটি ভাষার আঞ্চলিক সংস্করণে সঞ্চালকের ভূমিকা সামলাচ্ছেন বিনোদন ও ক্রীড়া জগতের সব মহাতারকারা। আর এই শো-কে জমজমাট করে তুলতে তাঁদের পারিশ্রমিকের অঙ্কও আকাশছোঁয়া! বলিউডের ‘ভাইজান’ সলমন খান থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা দক্ষিণী মেগাস্টার বিজয় সেতুপতী—বিগ বসের মঞ্চে সঞ্চালনা করে কে কত টাকা পারিশ্রমিক পান? চোখ রাখা যাক তারকা সঞ্চালকদের পারিশ্রমিকের খতিয়ানে। তবে এই তথ্য পুরোটা জল্পনা থেকে পাওয়া। কেননা, কোনও সঞ্চালকেরই পারিশ্রমিক ফাঁস করতে চায়নি বিগ বস টিম।
* সলমন খান (বিগ বস হিন্দি): হিন্দি ‘বিগ বস’-এর সঙ্গে সলমন খানের নাম যেন সমার্থক হয়ে গিয়েছে। প্রতিটি সপ্তাহান্তে এসে প্রতিযোগীদের ক্লাস নেওয়া কিংবা সঠিক পথ দেখানো—তাঁর উপস্থিতিতেই জমে ওঠে পুরো শো। বর্তমানে শো-এর ২০তম সিজন চলছে। পুরো একটি সিজনের জন্য বলিউডের এই মেগাস্টার প্রায় ১২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গিয়েছে।
* কমল হাসন (বিগ বস তামিল): পারিশ্রমিকের দিক থেকে চমকপ্রদ তালিকার শীর্ষে ছিলেন দক্ষিণের বিশ্বনায়ক কমল হাসন। বেশ কয়েকটি সিজন সাফল্যের সঙ্গে সঞ্চালনার পর তিনি সরে দাঁড়ান। শোনা যায়, ‘বিগ বস তামিল’-এর সপ্তম সিজনের জন্য তিনি প্রায় ১৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
* সৌরভ গঙ্গোপাধ্যায় (বিগ বস বাংলা): ‘বিগ বস বাংলা ৩’-এর মাধ্যমে এই প্রথমবার সঞ্চালকের ভূমিকা সামলাচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পূর্বে মিঠুন চক্রবর্তী এবং জিতের মতো তারকারা এই দায়িত্ব সামলালেও, সৌরভের আগমনে উন্মাদনা এখন চরমে। তবে শোনা যাচ্ছে, সংশ্লিষ্ট টিভি চ্যানেলের সঙ্গে ৪ বছরের জন্য প্রায় ১২৫ কোটি টাকার এক মেগা চুক্তি করেছেন মহারাজ।
* রিতেশ দেশমুখ (বিগ বস মরাঠি): মহেশ মঞ্জরেকরের পর ২০২৪ সালে ‘বিগ বস মরাঠি’ সঞ্চালনার দায়িত্ব নেন অভিনেতা রিতেশ দেশমুখ। প্রতি সপ্তাহান্তের পর্বে পারফর্ম করার জন্য তিনি প্রায় ৫০ লক্ষ টাকা করে পারিশ্রমিক পান।
.jpeg)
