শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ফেসবুক ওয়ালে Swarup Biswas লেখেন, 'আমার নীরবতাকে দুর্বলতা ভাববেন না। একজন বাবা হিসেবে আমার অধিকার, আত্মসম্মান ও সন্তানদের সঙ্গে সম্পর্ক রক্ষার লড়াই আমি আইনের পথেই চালিয়ে যাব। আজ পর্যন্ত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলিনি। সোশ্যাল মিডিয়াতেও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে কিছু লিখিনি। কারণ আমি বিশ্বাস করি, ব্যক্তিগত সম্পর্কের প্রতিটি অধ্যায় জনসমক্ষে তুলে ধরার বিষয় নয়। কিন্তু নীরবতারও একটা সীমা আছে। যখন সেই নীরবতাকে দুর্বলতা বলে ব্যাখ্যা করা হয়, যখন আমার চরিত্র নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা হয় এবং সর্বোপরি, নিজের সন্তানদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ও সাক্ষাতের অধিকার প্রতিষ্ঠা করতেও আমাকে বারবার বাধার মুখে পড়তে হয়, তখন নিজের বক্তব্য তুলে ধরা আমার কাছে প্রয়োজনীয় হয়ে ওঠে।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
তিনি আরও লেখেন, 'গত রবিবার মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী, কোর্ট কমিশনারের উপস্থিতিতে একটি শপিং মলে আমার ছোট মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেও তার সঙ্গে দেখা করতে পারিনি। কেন আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সাক্ষাৎ সম্পন্ন হল না, তার যথাযথ ব্যাখ্যা আমি চাই। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আদালতের দ্বারস্থ হব। একজন বাবার কাছে নিজের সন্তানের সঙ্গে দেখা করার অপেক্ষা কতটা কষ্টের, তা যাঁরা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাননি, তাঁদের পক্ষে হয়তো উপলব্ধি করা কঠিন। আমার কাছে এটি কোনও ব্যক্তিগত জেদের বিষয় নয়। এটি আমার সন্তানদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রশ্ন, তাদের মানসিক সুস্থতার প্রশ্ন এবং আদালতের নির্দেশ যথাযথভাবে কার্যকর হওয়ার প্রশ্ন। এতদিন আপনারা একটি দিকই দেখেছেন।

