শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ১৩ বছরের নাবালিকাকে অপহরণ করে ঠান্ডা পানীয়ের সাথে মাদক খাইয়ে ধর্ষণ করার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা বাগুইহাটিতে (Baguihati Rape Case) । ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি দেওয়া ও ব্ল্যাকমেল করার অভিযোগও উঠেছে। এই ঘটনায় বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার।
সূত্রের খবর, ২৪ অক্টোবর শনিবার ওই নাবালিকা বাগুইআটির বাড়ি থেকে এক বন্ধুর সঙ্গে দেখা করতে বিরাটি যায়। ১৩ বছরের নাবালিকাকে বিরাটি থেকে ব্যান্ডেল এলাকার একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। এরপর ঠান্ডা পানীয়র সাথে মাদকজাতীয় কিছু খাইয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ছবি তুলে নাবালিকার মাকে পাঠিয়ে হুমকি দেওয়া ও ব্ল্যাকমেল করার অভিযোগও উঠেছে।
নাবালিকার পরিবারের দাবি, শনিবার দুপুর সাড়ে ৩টা নাগাদ সুকন্যা দাস নামে এক বান্ধবীর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফেরায় রাত সাড়ে ৮টা নাগাদ তার মা ফোন করেন। তখন নাবালিকা জানায়, সে সুকন্যার সঙ্গে ব্যারাকপুরে গিয়েছে এবং রাত সাড়ে ১০টা বা ১১টার মধ্যে বাড়ি ফিরবে। রাত সাড়ে ১১টা নাগাদও মেয়ে বাড়ি না ফেরায় ফের ফোন করেন তার মা। অভিযোগ, তখন একটি অপরিচিত নম্বর থেকে এক ব্যক্তি ফোন ধরেন। তিনি দাবি করেন, রাস্তায় নাবালিকাকে কাঁদতে দেখে তিনি তাকে নিজের ফোন ব্যবহার করতে দিয়েছেন।
পরিবারের বয়ান অনুযায়ী, রাত ১২টা ৬ মিনিট নাগাদ নাবালিকা তার মাকে মেসেজ করে জানায়, সে বিপদের মধ্যে রয়েছে। সুকন্যা তাকে রিক নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়েছে বলেও সে মেসেজে জানায়।
পরিবারের আরও অভিযোগ, দেবজিৎ সরকার নামে এক যুবক নাবালিকার মাকে ফোন করে আশ্বস্ত করেন যে মেয়ে নিরাপদে রয়েছে। পরে দেবজিৎ দাবি করেন, তিনি ওই বাড়িতে গিয়েছিলেন এবং সেখানকার এক পরিচর্যাকারী তাঁকে জানান, প্রায় ১০ মিনিট আগে একটি চারচাকা গাড়ি সেখান থেকে বেরিয়ে গিয়েছে। তাঁর দাবি ছিল, ওই গাড়িতেই নাবালিকা বাড়ি ফিরেছে।
পরিবারের দাবি, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বাড়ি ফেরে নাবালিকা। সে সময় তাকে কাঁদতে দেখা যায় এবং সে চরম মানসিক বিপর্যস্ত অবস্থায় ছিল বলে পরিবারের দাবি। নাবালিকা মাকে জানায়, তাকে একটি গাড়িতে করে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে জলের সঙ্গে কিছু মিশিয়ে জোর করে খাওয়ানো হয় এবং একাধিক ব্যক্তি তার উপর শারীরিক নির্যাতন ও যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। পরিবারের আরও দাবি, তাকে জোর করে একটি আই-পিল খাওয়ানো হয়েছিল।
পরিবারের অভিযোগ, সুকন্যা দাস, দেবজিৎ সরকার, কুণাল কুমার রাউত-সহ একাধিক ব্যক্তি ঘটনার সময় নাবালিকার ভিডিও রেকর্ড করেন। পরে সেই ভিডিও দেখিয়ে নাবালিকা ও তার পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পরিবারের দাবি, এই হুমকির কারণে তারা অবিলম্বে পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছিলেন। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।
.jpeg)
