শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দিল্লির ছাত্র আন্দোলনের ঢেউ এসে পড়েছে কলকাতায়। শুক্রবার ধর্মতলায় CJP ও বামেদের বিক্ষোভ আন্দোলনে বিশৃঙ্খলা তৈরী হয়েছিল। তারই প্ররিবাদে এবার বিজেপির প্রতিবাদ মিছিল।সোমবার একই রুটে ‘তিরঙ্গা যাত্রা’র পরিকল্পনা উত্তর কলকাতার বিজেপি সংগঠনের। শিয়ালদহ স্টেশন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল নামবেন গেরুয়া সমর্থকরা। বিজেপি সূত্রে খবর, সোমবার বিকেল ৩টেয় শিয়ালদহ স্টেশন থেকে শুরু করে শিয়ালদহ ফ্লাইওভার, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে মিছিল পৌঁছবে ডোরিনা ক্রসিংয়ে। গতকালই বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে কোনও আপত্তি নেই। তবে আন্দোলনের নামে ‘দেশদ্রোহিতা’ কোনওভাবেই বরদাস্ত নয়। তারপরেও শুক্রবার কলকাতার বুকে নজিরবিহীন বিক্ষোভ দেখা গেল ‘আরশোলা’দের! শুক্রবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের কাছে অবস্থান বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল জুতো- জলের বোতল। এমনকী পুলিশের গায়ে জলও ছোড়া হয় বলে অভিযোগ।
দিল্লির ধাঁচে সাংবাদ মাধ্যমের কর্মীদের নিগ্রহের অভিযোগও ওঠে। এর প্রতিবাদেই এবার পালটা পথে-প্রতিবাদে নামতে চলেছে বিজেপি। উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতির সাফ কথা, “প্রতিবাদ মানে সাংবাদিক পেটানো নয়। প্রতিবাদ মানে ভারত বিরোধী স্লোগান নয়।” কলকাতায় সিজেপি ও বামেদের আন্দোলন মোকাবিলায় এবার সরাসরি রাস্তায় নামছে সঙ্ঘও। ছাত্র সংগঠন এবিভিপি, শিক্ষক-অধ্যাপকদের সংগঠন এবিআরএসএম, বিএসএম, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক সংগঠন বিদ্যা ভারতী-সহ কয়েকটি সংগঠন জেলায় জেলায় মিছিল ও পথসভার ডাক দিয়েছে। আজ থেকেই এই কর্মসূচি শুরু হয়েছে। জানা গিয়েছে, ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’-এর নামে একটি ব্যানারে এবিভিপি-সহ একাধিক সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদে পরিকল্পনা নিয়েছে।
