শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিশ্বকর্মা পুজোর দিন শিল্প নিয়ে উদ্বেলিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত চার মাসে রাজ্যে একের পর নতুন কারখানার প্রতিস্থাপন ও সম্প্রসারণে উদ্যোগী সরকার। বৃহস্পতিবার বাজা কদমতলা ঘাটে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা দেন, “অল্প সময়ে বহু জুটমিল খুলছে রাজ্যে। একাধিক ভূমিপূজন এবং নতুন ব্যবসা, কারখানা তৈরি হয়েছে।” আমুল ও শ্যামস্টিলের মতো কারখানার নতুন ইউনিট সম্প্রসারণ হয়েছে এই সময়কালেই। শুভেন্দু বলেন, “আজই ভারত সরকারের তরফে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় অনুমোদন পেয়েছে পশ্চিমবঙ্গ। ভারত সরকারের ৩৩০ কোটি টাকায় দার্জিলিং থেকে তরাই ডুয়ার্স চা বলয়ে নতুন দিগন্ত আসবে।” পুজোর আমেজে রাজ্যবাসীর জন্য উপহারের ডালি যে সাজিয়ে রেখেছে রাজ্য সরকার, তাও এদিন খোলসা করে দেন মুখ্যমন্ত্রী। নতুন ৩২ কারখানার হাতে জমি তুলে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
শুভেন্দুর কথায়, “২৩ সেপ্টেম্বর বজবজ শিল্পতালুক সহ নতুন ৩২ ইন্ডাস্ট্রির হাতে জমি তুলে দেব।” তিনি আরও বলেন, “মহাষষ্ঠীর আগে ৬ হাজার কোটি টাকায় নির্মিত হলদিয়া পেট্রো কেমিক্যালের নতুন ইউনিট উন্মোচন করবো।” প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় পশ্চিমবঙ্গকে বঞ্চিত রাখার কথা উল্লেখ করে তৃণমূলকে ‘নেগেটিভ’ সরকার বলে দুষেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, “২০২১-এ ভারত সরকারের বাজেটে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় বাংলা ও আসামের জন্য ১০০০ কোটির প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আসাম নিজেদের কাজ করেছে। পশ্চিমবঙ্গের নেগেটিভ সরকার টাকা নেয়নি। আমরা সরকারে এসে নতুন করে প্রস্তাব জানিয়েছি। ৩৩০ কোটি টাকার অনুমোদন পেয়েছি। প্রচুর কাজ হবে।”
