শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে কলকাতা পৌরনিগমের পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে সঙ্গে নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা এসে উপস্থিত কলেজ স্ট্রিট বই পাড়ায়। বইপাড়া ঘুরে তিনি বললেন, উচ্ছেদ নয়। কলেজ স্ট্রিটকে ঢেলে সাজানো হবে। কলেজ স্ট্রিটের পুরো ‘মেক ওভার’ হবে বলে জানিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যে সরকারের এই ভাবনাকেই বাস্তবের রূপ দিতে বুধবার সাতসকালে বইপাড়ায় পৌঁছে গেলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী। এলাকা ঘুরে দেখার ফাঁকে পথচারীদের সঙ্গে কথা বলেন। কীভাব কলেজ স্ট্রিটকে সাজানো হবে, রাস্তায় দাঁড়িয়েই আধিকারিকদের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাঁকে। কলেজ স্ট্রিটের একটা অংশ হবে নো ভেহিকেলস জোন। সেখানে গাড়ি চলবে না, হর্ন বাজবে না।বইয়ের দোকানগুলোকে সেখানে রিলোকেট করার পরিকল্পনা রয়েছে। তবে মূল কলেজ স্ট্রিটের রাস্তায় আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না।
সাইকেলে করে ওই এলাকায় ঘুরতে পারবেন বইপ্রেমীরা। এই নিয়ে অগ্নিমিত্রা জানান, “সাইকেল নিয়ে কেউ আসবেন না। এখান থেকেই সবাই সাইকেল নেবেন। আর যিনি হাঁটতে চান, তিনি হাঁটবেন। বয়স্কদের জন্য ব্যাটারি কার থাকবে।” কলেজ স্ট্রিট নিয়ে রাজ্যের পরিকল্পনার কথা জানিয়ে টিভি৯ বাংলাকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, “কলেজ স্ট্রিট হল বইপাড়া। শুধু বইয়ের দোকান থাকবে। নোট-প্যাডের দোকান থাকবে। খাতা-বইয়ের দোকান থাকবে। নো ভেহিকেলস জোন হবে। সাইকেল চলবে আর বয়স্কদের জন্য ব্যাটারি কার থাকবে। ক্যাফে থাকবে। বই পড়ার জন্য বেঞ্চ থাকবে। কোনও আওয়াজ হবে না। সেজন্যই নো ভেহিকেলস জোন করা হবে। তবে মেন কলেজ স্ট্রিটকে এখন হাত দেব না। কারণ, ওটা গুরুত্বপূর্ণ ট্র্যাফিক জোন। রেলিংটাকে দেখাতে চাই, সেজন্য ওই দোকানগুলোকে যদি কোথাও নিয়ে যাওয়া যায়, এগুলো আপাতত দেখা হয়েছে। এবার কাজ শুরু হবে।” কলেজস্ট্রিট বইপাড়া আমাদের গর্ব। সেই বইপাড়াকে আধুনিক করে তোলাই সরকারের লক্ষ্য।
