তথাগত ঘোষ, হাওড়া: নির্মিয়মাণ বহুতল থেকে ইট পড়ে ভয়াবহ দুর্ঘটনা! মাথায় ইট পড়ে সংকটজনক অবস্থা হাসপাতালে ভর্তি কারখানার শ্রমিক। মঙ্গলবার হাওড়ার (Howrah) ইছাপুর রোডের বঙ্গমিলনী ক্লাবের কাছের ঘটনা। সকালে আচমকাই নির্মীয়মাণ বহুতল থেকে মাথায় ইট পড়ে গুরুতর জখম হলেন এক কারখানা শ্রমিক। মঙ্গলবার সকালে ঘটনাটিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। আহত ব্যক্তির নাম দীনেশ সামন্ত (৪৯)। বর্তমানে তিনি একটি বেসরকারি নার্সিংহোমের আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয়রাই তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনায় স্থানীয়দের অভিযোগ, বহুতল নির্মাণের ক্ষেত্রে কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বহুতলটির চারধারে ছিল না গার্ড, নেট কিংবা পর্যাপ্ত ছাড়। সেই কারণেই এই দুর্ঘটনা। এর আগেও ওই নির্মাণস্থল থেকে ইট পড়ার ঘটনা ঘটেছে বলে দাবি বাসিন্দাদের। পর্যাপ্ত নিরাপত্তা না থাকার কারণেই এই দুর্ঘটনা (Howrah Accident) বলে অনুমান স্থানীয়দের একাংশের। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এই ঘটনায় বহুতলটির নির্মাণ বন্ধ করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাঁটরা থানার পুলিশ।

