বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা: নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার তদন্তে অপরাধস্থলের পুনর্নির্মাণ (Crime Reconstruction) করতে নিয়ে যাওয়ার সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশের দাবি, অভিযুক্ত এক রাউন্ড গুলি চালায়। এরপর পুলিশের পাল্টা গুলিতে গুরুতর জখম হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার (৮ জুলাই) রাত প্রায় ১২ টা ৪৫ মিনিট নাগাদ বারুইপুর থানার মামলা নম্বর ১৩৫০/২৬-এর তদন্তকারী আধিকারিক (IO) ও তাঁর টিম প্রভাস মণ্ডলকে নিয়ে বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুরে ঘটনাস্থলে অপরাধস্থলের পুনর্নির্মাণের জন্য যান।
পুলিশের দাবি, ঘটনাস্থলে পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার ঠিক আগে প্রভাস মণ্ডল এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশ দলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে প্রভাস মণ্ডল গুলিবিদ্ধ হয়।
এরপর তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
