তথাগত ঘোষ, হাওড়া: শেফিল্ড টাইমসের খবরের জেরে পূর্বরূপ ফিরে পেল হাওড়ার বৃন্দাবন মল্লিক লেনের সরস্বতী সংঘের মাঠ সংলগ্ন শিশু উদ্যান। স্থানীয়দের চাহিদাকে প্রাধান্য দিয়ে কদমতলা সরস্বতী সংঘের তরফে নিজস্ব তহবিল খরচ করেই শিশু উদ্যানটিকে পরিস্কার করা হয়েছে। কয়েকদিন আগে পর্যন্ত সম্পূর্ণভাবে আগাছা ও ঝোঁপঝাড়ের আড়ালে চলে গিয়েছিল শিশু উদ্যানটি। এমনকি শিশু উদ্যানের মধ্যে বেআইনিভাবে গ্যারেজ তৈরি করে পার্কিংয়ের ব্যবসা করারও অভিযোগ ওঠে। শিশু উদ্যান পরিস্কার করার পাশাপাশি পার্কিং -এর অস্থায়ী নির্মাণও অপসারিত করে দেওয়া হয়েছে। ক্লাবের সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে শেফিল্ড টাইমস।
প্রসঙ্গত, শিশু উদ্যান চত্বরে বেআইনি পার্কিং -এর ব্যবসা এবং মাঠে বহিরাগত ছেলেদের আগমনের অভিযোগ কে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল বৃন্দাবন মল্লিক লেনের সরস্বতী সংঘে। স্থানীয়দের প্রতিবাদে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। পুলিশের তরফে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার প্রস্তাব দেওয়া হয়। তারপরে রবিবার সন্ধ্যাতেই আলোচনায় বসেন ক্লাবকর্তা ও স্থানীয়রা।
স্থানীয়দের একটি বড় অংশের দাবি ছিল, ক্লাব সংলগ্ন শিশু উদ্যান কে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যাতে স্থানীয় শিশুরা সেখানে খেলাধুলো করতে পারে। সেই দাবিকে প্রাধান্য দিয়েই দ্রুত শিশু উদ্যান সংস্কারের কাজ শুরু করানো হয় ক্লাবের তরফে। সম্পূর্ণভাবে ক্লাবের ফান্ড থেকেই এই সংস্কারের কাজ করানো হয়েছে।
এই প্রসঙ্গে সরস্বতী সংঘের একজন সদস্য জানিয়েছেন, ‘স্থানীয় মানুষের চাহিদাকে গুরুত্ব প্রদান করে আমাদের সংঘের শিশু উদ্যান পরিস্কার করানো হয়েছে। সংঘের নিজস্ব তহবিল থেকেই এই সংস্কারের কাজ হয়েছে। অতীতেও ক্লাবের তরফে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু, আর্থিক সমস্যার কারণেই নিয়মিত সংস্কারের কাজ প্রায় অসম্ভব হয়ে ওঠে। আমরা দ্রুত এটির সংস্কার সম্পূর্ণ করে শিশুদের খেলার উপযোগী করে তুলব।‘
