শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের(Bangladesh) আভ্যন্তরিন বিক্ষোভকে কিছুতেই সামলাতে পারছে না। CJP আন্দোলন, ছাত্র আন্দোলনের পরে এবার উত্তাল শ্রমিক আন্দোলন। বাংলাদেশে ফের ছড়াচ্ছে অশান্তি। রবিবার সকাল থেকে ঢাকা এবং গাজীপুরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেছেন বাংলাদেশের পোশাকশ্রমিকেরা। আন্দোলনকারীদের দাবি, তাঁদের বেতন বৃদ্ধি করতে হবে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা (ভারতীয় মুদ্রায় ২৩ হাজার টাকা) করতে হবে। এই দাবিতে রবিবার সকাল থেকে শ্রমিকদের আন্দোলন থেকে বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে। কোথাও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে রাস্তার উপরে। কোথাও পোড়ানো হয়েছে গাড়ি। পরিস্থিতি সামাল দিতে গাজীপুরে নামানো হয়েছে আধাসেনা বাহিনীও। বিক্ষোভের মাঝে ৬ সদস্যের একটি মজুরি বোর্ড গঠনের ঘোষণা করেছে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ঢাকার মিরপুরে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।
উত্তেজনার মাঝে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন পোশাকশ্রমিকেরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। ছোড়া হয় জলকামান, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল। এক বার ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর ফের জড়ো হন শ্রমিকেরা। পুলিশকে লক্ষ্য করে ফের ইট পাটকেল ছুড়তে থাকেন তাঁরা। ছত্রভঙ্গ করতে ফের তাঁদের ধাওয়া করেন পুলিশকর্মীরা। মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশনের নীচে পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয় মেট্রো স্টেশনের গেট। বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার সাভার এবং গাজীপুরের বিভিন্ন এলাকাতেও বিক্ষোভ হয়। গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় আগুন ধরিয়ে দেওয়া হয় একটি পিকআপ ভ্যানে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় একটি পোশাক কারখানার গুদামেও অগ্নিসংযোগের অভিযোগ মিলেছে। পরিস্থিতি সামলাতে সাভার এবং গাজীপুরের অন্তত ৮০টি কারখানায় ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
.jpeg)
