শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পুরোনো একটি বিতর্ককে নতুন করে সামনে নিয়ে আসলেন সোনিয়া গান্ধী। বুধবার প্রকাশিত হয় তার আত্মজীবনী - বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’। আর তাতেই তিনি দাবি করেন Pranab Mukherjee প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এহেন দাবি ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। সত্যিই কি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণববাবু? এক্ষেত্রে সোনিয়া গান্ধীর সঙ্গেই কার্যত একমত কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তাঁর কথায়, কিছু কিছু ক্ষেত্রে আমারও মনে হয়েছে প্রণববাবু প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। এই বিষয়ে মুখে না বললেও বারবার তাঁর কথায় সেটা মনে হয়েছে বলে মন্তব্য কংগ্রেস নেতার। এক্ষেত্রে আন্না হাজারের দীর্ঘ আন্দোলন এবং অন্ধ্রপ্রদেশ ভেঙে যখন তেলেঙ্গানা হল, সেই সময়কার পরিস্থিতির কথা তুলে ধরেছেন তিনি। বই প্রকাশ্যে আসতে বিজেপি নেতৃত্ব সোনিয়াকে নিশানা করছে। এর জবাব কংগ্রেস নেতারা তাঁদের মতো করে দিয়েছেন।
প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য এখানেই বলছেন আন্না হাজারের সময়ের ঘটনার কথা। ইউপিএ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে আন্না হাজারে দেশজুড়ে থরহরি কম্প ধরিয়ে দিয়েছিলেন। প্রদীপবাবুর কথায়, “সেই সময় প্রণববাবু সেই ক্রাইসিস কীভাবে সামলানো যেত তার কৌশল বলেছিলেন।” কিন্তু তিনি প্রধানমন্ত্রী হলে সেই ক্রাইসিস কীভাবে মেটানো যেত সেইভাবে কি কিছু বলেছিলেন? “কখনওই না”– প্রদীপবাবু বলছেন, “কখনওই সেসব বলতেন না, কখনওই তাঁর হয়ে প্রণববাবু কারও কাছে ওকালতি করার কথা বলেননি। তবে এটা বলতেন যে, এই ক্রাইসিস অন্যভাবে ম্যানেজ করা যেত। এমন কিছু উপায়ের কথা বলতেন যেগুলো তাঁর মাথা থেকেই বেরনো সম্ভব ছিল। ফলে সেই সমস্যা আরও আগে আরও সহজে মিটিয়ে ফেলা যেত। কিন্তু এটা বলেননি যে, তিনি ওই জায়গায় থাকলে এটা করতেন। অন্যদিকে সোনিয়া গান্ধীর বই’য়ে লেখা বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এই প্রসঙ্গে তাঁর দাবি, ”সোনিয়া গান্ধী তার ভাবনার কথা লিখেছে। সেগুলোকে নানা রকম ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এগুলো তো উত্তর আমি দিতে পারব না।”
